রাশিয়ার ওপর পুরোপুরি বাণিজ্য নিষেধাজ্ঞা দিতে ইইউকে পোল্যান্ডের আহ্বান

স্টার অনলাইন ডেস্ক

রাশিয়ার সঙ্গে বাণিজ্যের ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা আরোপের করার জন্য ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) আহ্বান জানিয়েছে পোল্যান্ড।

এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি এ আহ্বান জানান বলে আজ শনিবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

বিবৃতিতে মোরাউইকি বলেন, পোল্যান্ড যত তাড়াতাড়ি সম্ভব নিষেধাজ্ঞার প্যাকেজে বাণিজ্যিক অবরোধ যুক্ত করার প্রস্তাব করছে। সমুদ্রপথের পাশাপাশি স্থল বাণিজ্যের ওপরও নিষেধাজ্ঞা দিতে হবে। রাশিয়ার বাণিজ্য পুরোপুরি বন্ধ করে দিলে মস্কো যুদ্ধ বন্ধ করার বিষয়টি বিবেচনা করতে বাধ্য হবে।    

ইইউর সদস্য দেশগুলো চলতি সপ্তাহে রাশিয়ার বিরুদ্ধে চতুর্থ দফা নিষেধাজ্ঞার বিষয়ে সম্মত হওয়ার পর পোল্যান্ড এ আহ্বান জানাল।