রাশিয়াকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধের নির্দেশ আইসিজের
ইউক্রেনে সামরিক অভিযান বন্ধ করতে রাশিয়াকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের গণহত্যার অভিযোগের শুনানিতে আজ বুধবার আদালত এ আদেশ দেন বলে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে।
বিচারক বলেন, 'রুশ ফেডারেশন ইউক্রেনের ভূখণ্ডে গত ২৪ ফেব্রুয়ারি যে সামরিক অভিযান শুরু করেছে, অবিলম্বে তা বন্ধ করতে হবে।'
বিচারকরা আরও বলেন, 'রাশিয়াকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে তার নিয়ন্ত্রণাধীন বা মস্কো সমর্থিত অন্যান্য বাহিনী যেন সামরিক অভিযান চালাতে না পারে।'
শুনানিতে ইউক্রেন জানিয়েছে যে পূর্ব ইউক্রেনে গণহত্যার কোনো হুমকি নেই।
১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা কনভেনশনে দুই দেশই সই করেছে। তাই তারা কেউই একটি গণহত্যাকে ঠেকাতে আরেকটি গণহত্যা চালাতে পারে না বলে ইউক্রেনের পক্ষ থেকে উল্লেখ করা হয়।
আদেশের পর রাশিয়া একটি লিখিত আবেদনে জানিয়েছে যে আইসিজে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না।
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনে গত ২৭ ফেব্রুয়ারি আইসিজেতে আবেদন করে ইউক্রেন।
গত ৭ মার্চ এ আবেদনের শুনানি শুরু হয় এবং রাশিয়া সেদিন শুনানি বর্জন করে।
আগের দিন মামলার আপাত যৌক্তিকতা না পেয়ে তারা শুনানি বর্জন করেছিল বলে আজ আদালতে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়।
নেদারল্যান্ডেসের হেগভিত্তিক আইসিজে জাতিসংঘের শীর্ষ আদালত। কোনো রাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে কি না, সে বিষয়ে এই আদালত সিদ্ধান্ত নেন।