রাশিয়া ও চীনের সম্পর্ক আরও দৃঢ় হবে: লাভরভ
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির ফলে চীনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। খবর বিবিসির।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লাভরভকে উদ্ধৃত করে রাশিয়ান সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স বলেছে- আমরা এমন একটি সময়ে আছি যখন পশ্চিমারা আন্তর্জাতিক ব্যবস্থা যেসব ভিত্তির ওপর গড়ে উঠেছে তা নির্লজ্জভাবে হ্রাস করছে। অবশ্যই এই পরিস্থিতিতে দুটি বড় শক্তি হিসেবে বিশ্বকে কীভাবে চালিয়ে যাওয়া যায় তা নিয়ে আমাদের ভাবতে হবে।
এর আগে, শুক্রবার এক ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনা নেতা শি জিনপিংকে সতর্ক করে বলেন- বেইজিং যদি যুদ্ধের জন্য রাশিয়াকে সহায়তা করে তাহলে চীনের ওপরও 'প্রভাব' পড়বে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, শি এই যুদ্ধকে 'কারো স্বার্থে নয়' বলে উল্লেখ করলেও প্রেসিডেন্ট পুতিনের সরাসরি কোনো সমালোচনার কথা উল্লেখ করা হয়নি।
সম্প্রতি বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইউক্রেনে আগ্রাসনকে সমর্থন করতে চীনের কাছে সামরিক সরঞ্জাম চেয়েছে রাশিয়া।