রাশিয়ার সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করুন: ইউরোপকে জেলেনস্কি

স্টার অনলাইন ডেস্ক

রাশিয়ার সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করার জন্য ইউরোপীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আজ সোমবার এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন বলে জানিয়েছে এএফপি।

জেলেনস্কি আরও বলেন, 'দয়া করে যুদ্ধের অস্ত্র পাওয়ার ক্ষেত্রে রাশিয়ার পৃষ্ঠপোষকতা করবেন না। দখলকারীদের জন্য কোনো ইউরো নয়। তাদের জন্য আপনাদের সব বন্দর বন্ধ করে দিন। তাদের কাছে আপনাদের পণ্য রপ্তানি করবেন না। রাশিয়াকে ইউক্রেন ছাড়তে দিতে চাপ দিন।'

জার্মানির উদ্দেশে জেলেনস্কি বলেন, 'আপনাদের সেই শক্তি আছে। ইউরোপের সেই শক্তি আছে।'  

ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ রাশিয়ার তেল ও গ্যাস আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে। তবে জার্মানি রাশিয়ার জ্বালানি আমদানি বন্ধের বিরোধিতা করছে।

এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার তেলের বিরুদ্ধে ইউরোপের নিষেধাজ্ঞার ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেছেন, 'এই ধরনের নিষেধাজ্ঞা বিশ্ব জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুতর পরিণতি ডেকে আনবে। এটি ইউরোপের জ্বালানি ভারসাম্যের উপর গুরুতর নেতিবাচক প্রভাব ফেলবে।'