রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করল ইউক্রেন
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কারণে আনুষ্ঠানিকভাবে মস্কোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে কিয়েভ।
গতকাল শনিবার ইউক্রেনের অর্থমন্ত্রী ইউলিয়া সিভিরিডেনকো রাশিয়া থেকে সব ধরনের আমদানি নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন।
রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, সিভিরিডেনকো ফেসবুকে লিখেছেন, 'আজ আমরা আনুষ্ঠানিকভাবে আগ্রাসী রাষ্ট্রটির সঙ্গে পণ্য বাণিজ্য সম্পূর্ণ বন্ধ ঘোষণা করছি। এখন থেকে রাশিয়ান ফেডারেশনের কোনো পণ্য আমাদের ভূখণ্ডে আমদানি করা যাবে না।'
রাশিয়া যেন বাণিজ্য থেকে পাওয়া অর্থ সামরিক অভিযানে ব্যবহার না করতে পারে, তা নিশ্চিত করার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
আরটির তথ্যমতে, ফেব্রুয়ারির শেষ দিকে মস্কো কিয়েভে হামলা শুরু করার আগে ইউক্রেনের অন্যতম প্রধান বাণিজ্য অংশীদার ছিল রাশিয়া। গত ৬ সপ্তাহে ২ দেশের মধ্যে পণ্য-পরিষেবার বাণিজ্য হয়নি। কিন্তু গতকালের আগ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মস্কোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেনি কিয়েভ।