রাশিয়ার কয়লা-কাঠ আমদানিতে ইইউ’র নিষেধাজ্ঞার প্রস্তাব

স্টার অনলাইন ডেস্ক

ইউরোপীয় কমিশন (ইইউ) মঙ্গলবার সদস্য দেশগুলোর কাছে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দেবে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। যার মধ্যে আছে বছরে প্রায় ৯ বিলিয়ন ইউরো (৯.৮৬ বিলিয়ন ডলার) মূল্যের কয়লা, কাঠ, রাসায়নিক এবং অন্যান্য পণ্য আমদানি।

রয়টার্স বলছে, রাশিয়ায় বছরে আরও ১০ বিলিয়ন ইউরো রপ্তানি নিষিদ্ধ করার প্রস্তাব করছে ইইউ। এর মধ্যে আছে সেমিকন্ডাক্টর, কম্পিউটার, এলএনজি গ্যাসের জন্য ব্যবহৃত প্রযুক্তি এবং অন্যান্য বৈদ্যুতিক ও পরিবহন সরঞ্জাম।

সূত্র রয়টার্সকে জানিয়েছে, এই নিষেধাজ্ঞা কার্যকর হলে রাশিয়ান জাহাজ এবং ট্রাক ইইউতে প্রবেশে বাধা দেওয়া হবে। ফলে, দেশটির বাণিজ্য আরও সংকটে পড়বে।

সূত্রটি বলেছে, ২৭ সদস্যের ইইউ ভিটিবিসহ (ভিটিবিআর.এমএম) আরও তিনটি রাশিয়ান ব্যাংকের সঙ্গে সব লেনদেন নিষিদ্ধ করবে। যেগুলোকে ইতোমধ্যে সুইফট মেসেজিং সিস্টেম থেকে বাদ দেওয়া হয়েছে। অলিগার্ক এবং রাজনীতিবিদসহ আরও কয়েক ডজন ব্যক্তিকে ইইউয়ের নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হবে।

ইইউ রাষ্ট্রগুলো কয়লার ওপর নিষেধাজ্ঞার অনুমোদন দিলে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর রাশিয়া থেকে কোনো শক্তি আমদানির ক্ষেত্রে প্রথম নিষেধাজ্ঞা হবে।

গত জানুয়ারিতে কমিশন এ ধরনের নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়েছিল। কিন্তু, ইইউ সূত্রগুলো রয়টার্সকে জানায়, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে রাশিয়ার কয়লার ওপর সবচেয়ে বেশি নির্ভরশীল দেশ জার্মানি তা বন্ধ করে দেয়।

তবে, জার্মান সরকারের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, রাশিয়ার কয়লা আমদানির ওপর ইইউ'র আরোপিত নিষেধাজ্ঞাকে জার্মানি সমর্থন করবে।

ইইউ সূত্র জানিয়েছে, কয়লার ওপর নিষেধাজ্ঞার মূল্য হবে বছরে প্রায় ৪ বিলিয়ন ইউরো।

তুলনা করলে দেখা যায়, ইইউ গত বছর রাশিয়া থেকে প্রায় ১০০ বিলিয়ন ইউরো মূল্যের তেল ও গ্যাস আমদানি করেছে। সূত্র জানায়, ইইউ তেল ও গ্যাস নিয়েও কাজ করছে। তবে, এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।