রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে না মেক্সিকো
মেক্সিকো রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওবরাদর।
মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।
সিএনএন জানিয়েছে, লোপেজ ওবরাদরকে তার অবস্থান নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন- আমরা কোনো ধরণের অর্থনৈতিক প্রতিশোধ নিতে যাচ্ছি না। কারণ আমরা বিশ্বের সব সরকারের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই। আমরা মনে করি না, এটি আমাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বরং আমরা মনে করি- শান্তি অর্জনে সংলাপে উত্সাহিত করা সর্বোত্তম উপায়।
এর আগে, রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের 'সেন্সরশিপের' সমালোচনা করেছিলেন তিনি। যখন সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ঘোষণা করেছিল, তারা রাশিয়া-সমর্থিত নিউজ চ্যানেল আরটির সীমা সীমিত করার উদ্যোগ নেবে। তখন তিনি সমালোচনা করেছিলেন।
তিনি বলেন, গণমাধ্যমে সেন্সরশিপ আছে এ বিষয়ে আমি একমত নই। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাকাউন্ট বাতিলের সময়ও আমি এর বিরুদ্ধে কথা বলেছিলাম। কারণ, রাশিয়া বা অন্য যে কোনো দেশের মিডিয়াকে সেন্সর করার সঙ্গে আমি একমত নই।