রাশিয়ান আগ্রাসনকে ‘যুদ্ধ’ বলেছে তুরস্ক
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে একটি 'যুদ্ধ' বলে অভিহিত করেছে তুরস্ক। যা ন্যাটো সদস্য দেশের জন্য কৃষ্ণ সাগরে রাশিয়ান নৌপথকে সীমাবদ্ধ করতে একটি আন্তর্জাতিক চুক্তির পথকে প্রশস্ত করতে পারে।
আজ রোববার তুরস্ক এ কথা বলেছে বলে রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৩৬ সালের মন্ট্রিক্স কনভেনশনের অধীনে দারদানেলস এবং বসফরাসের ওপর তুরস্কের নিয়ন্ত্রণ আছে। যা ভূমধ্যসাগরীয় ও কৃষ্ণ সাগরকে সংযুক্ত করে এবং যুদ্ধের সময় বা হুমকি দেওয়া হলে যুদ্ধজাহাজের চলাচল সীমিত করতে পারে।
পশ্চিমা প্রতিশ্রুতি এবং মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের ভারসাম্য বজায় রেখে আঙ্কারা বলেছে, রাশিয়ার এই হামলা গ্রহণযোগ্য নয়। তবে রোববার পর্যন্ত তারা এই পরিস্থিতিকে যুদ্ধ হিসেবে বর্ণনা করেনি।
তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন টুইট করেন, ইউক্রেন যুদ্ধের চতুর্থ দিনে আমরা রাশিয়ান হামলা অবিলম্বে বন্ধ এবং যুদ্ধবিরতি আলোচনা শুরু করতে রাষ্ট্রপতি এরদোয়ানের আহ্বানের পুনরাবৃত্তি করছি।
তুরস্কের যোগাযোগ বিষয়ক পরিচালক ফাহেরটিন আলতুন বলেন, আমরা আমাদের অঞ্চলে আরও একটি যুদ্ধ দেখছি এবং মধ্যস্থতার জন্য এরদোয়ানের প্রস্তাবের পুনরাবৃত্তি করছি।
রয়টার্স বলছে, কিয়েভ আঙ্কারার কাছে আবেদন করেছে- তারা যেন রুশ যুদ্ধজাহাজকে কৃষ্ণ সাগরের দিকে যেতে বাধা দেয়। তবে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার বলেছেন, মন্ট্রিক্সের অধীনে রাশিয়ার অধিকার আছে জাহাজগুলোকে তাদের নিজ ঘাঁটিতে ফিরিয়ে দেওয়ার।