যুদ্ধ থামাতে আপনাদের সাহায্য অনেক দেরিতে এসেছে: জার্মান সংসদে জেলেনস্কি

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জার্মান আইনপ্রণেতাদের সমালোচনা করে বলেছেন, আপনাদের সহযোগিতা এসেছে কিন্তু তা অনেক দেরিতে। 'যুদ্ধ থামাতে অনেক দেরি হয়ে গেছে।'

বার্লিনে জার্মানির সংসদে ভার্চুয়াল এক ভাষণে জেলেনস্কি এ কথা বলেন। আজ বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক স্বার্থ নিয়ে জার্মান নেতাদের সমালোচনা করে জেলেনস্কি প্রশ্ন তোলেন, 'আজ ইউক্রেনের প্রতি জার্মানির ঐতিহাসিক দায়িত্ব কী?'

তিনি বলেন, 'রাশিয়ার সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য আপনাদের যে ইচ্ছা, তা আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন শীতল যুদ্ধের মাঝখানে।'

'আপনারা একটি শক্তিশালী প্রাচীর দিয়ে নিজেদের রক্ষা করে রেখেছেন। আমাদের সঙ্গে কী হচ্ছে আপনারা তা দেখতে পারছেন না,' জেলেনস্কি বলেন।

রাশিয়ান আগ্রাসন মোকাবেলা করার জন্য এবং মস্কোর উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপে জার্মানির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আয়ের চেয়ে শান্তি গুরুত্বপূর্ণ।'