যুক্তরাষ্ট্রে রাশিয়ার দূতাবাস অবরুদ্ধ, কূটনীতিকদের হুমকি: রুশ রাষ্ট্রদূত

স্টার অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভ বলেছেন, ওয়াশিংটনে রাশিয়ার দূতাবাস যুক্তরাষ্ট্র অবরুদ্ধ করে রেখেছে এবং রুশ কূটনীতিকরা বিভিন্নভাবে হুমকি পাচ্ছেন।

আজ রোববার তিনি এ কথা বলেন বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।

রাশিয়ার একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আনাতোলি আন্তোনোভ বলেন, 'দূতাবাস মূলত মার্কিন কর্তৃপক্ষের অবরোধের মধ্যে আছে। হিউস্টন ও নিউইয়র্কে আমাদের জেনারেল কনস্যুলেটগুলোর অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ব্যাংক অফ আমেরিকা।'

'কর্মীরা ফোন ও মেইলে হুমকি পাচ্ছেন। বড় একটি বিক্ষোভের কারণে কিছু সময়ের জন্য দূতাবাস থেকে বের হওয়ার স্থানটি পর্যন্ত অবরুদ্ধ করে রাখা হয়েছিল। সেখানে ভাঙচুরের ঘটনা ঘটেছে, বিল্ডিংয়ে রং ছোড়া হয়েছে', যোগ করেন তিনি।

আরটির প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেনে হামলা শুরুর পর থেকে বিভিন্ন দেশে রাশিয়ার দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে। আয়ারল্যান্ডের ডাবলিন, রোমানিয়ার বুখারেস্ট, অস্ট্রিয়া ও লাটভিয়াতে এ ধরনের ঘটনা ঘটেছে।