যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে যা বলল রাশিয়া
পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়াকে বিচ্ছিন্ন করার চক্রান্তের অভিযোগ তুলে রাশিয়া বলেছে, যুক্তরাষ্ট্রকে তার নিজের অবস্থান বুঝিয়ে দেওয়ার ক্ষমতা মস্কোর আছে।
আজ বৃহস্পতিবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপসচিব দিমিত্রি মেদভেদেভ এ কথা বলেন বলে জানিয়েছে বিবিসি।
মেদভেদেভ বলেন,'যুক্তরাষ্ট্র রাশিয়াকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করার লক্ষ্যে ঘৃণ্য রুশ ফোবিয়া তৈরি করেছে। তবে এটি কাজ করবে না। সব উদ্ধত শত্রুকে যার যার অবস্থান বুঝিয়ে দেওয়ার ক্ষমতা রাশিয়ার আছে।'
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় ও এশিয়ান মিত্ররা রাশিয়ার বেশ কয়েকজন নেতা, কোম্পানি ও ব্যবসায়ীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মস্কোর বিরুদ্ধে বিভিন্ন অর্থনৈতিক নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।