মার্কিন-আধিপত্যের বিশ্ব ব্যবস্থার অবসান চায় রাশিয়া: লাভরভ

স্টার অনলাইন ডেস্ক

রাশিয়া মার্কিন আধিপত্যের বিশ্ব ব্যবস্থার অবসান চায় বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

সোমবার রাশিয়ান টেলিভিশনে দেওয়া একটি সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন।

'ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের উদ্দেশ্য মার্কিন-আধিপত্য বিশ্ব ব্যবস্থার অবসান ঘটানো,' ব্যাখ্যা করেন তিনি।

তার দাবি, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে।

তবে মস্কো ও চীন এর বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ তৈরি করছে বলে উল্লেখ করেন তিনি।

রশিয়া টোয়েন্টিফোর নিউজ চ্যানেলকে লাভরভ বলেন, 'আমাদের সামরিক অভিযানের উদ্দেশ্য (ন্যাটোর) অপ্রতিরোধ্য সম্প্রসারণ এবং বিশ্ব মঞ্চে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা প্রজাদের পূর্ণ আধিপত্যের অবসান ঘটানো।'

'এই আধিপত্যবাদ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এটি যেসব আইনের অধীনে পরিচালনা করা হয়, তারা এখন সেগুলোর প্রচারণা চালাচ্ছে। আলাদা আলাদা ঘটনার পরিপ্রেক্ষিতে আলাদা আলাদা করে তারা এসব আইন তৈরি করেছে,' বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও বলেন, 'রাশিয়া সেই দেশগুলোর মধ্যে অন্যতম, যারা ওয়াশিংটনের ইচ্ছার কাছে নতি স্বীকার করবে না। রাশিয়া সমতার বিশ্বের অংশ হবে এবং অন্যের নিরাপত্তাকে তোয়াক্কা না করার সুযোগ পশ্চিমা দেশগুলোকে দেবে না।'

ইউক্রেনকে লড়াইয়ে উত্সাহিত করায় ইইউ শীর্ষ কূটনীতিক জোসেফ বোরেলের সমালোচনা করেন লাভরভ।

বোরেল গত শনিবার ইউক্রেনকে আরও সামরিক সহায়তার ঘোষণা দেন এবং 'জয় যুদ্ধের ময়াদানেই হয়' উল্লেখ করে একটি বিবৃতি দিয়েছিলেন।

লাভরভ ওই বিবৃতিটিকে 'আপত্তিকর' উল্লেখ করে বলেন, 'যখন একজন কূটনৈতিক বলেন যে একটি দ্বন্দ্ব শুধু সামরিক সংঘাতের মাধ্যমে সমাধান করা যেতে পারে…ঠিক আছে...তিনি হয় ভুল করে বা না ভেবে বলে ফেলেছেন। কিন্তু এমন একটি বিবৃতি তাকে কেউ দিতে বলেনি। এটা একটা আপত্তিকর মন্তব্য।'

'ইউক্রেন সংকটে ইইউ তার ভূমিকা পরিবর্তন করেছে' উল্লেখ করে লাভরভ বলেন, 'আগে এটি কোনো সামরিক সংস্থার মতো আচরণ করেনি। মার্কিন ব্লকের সদস্যদের চাপে এর আচরণ পরিবর্তন হয়েছে, যা ইইউকে ন্যাটোর কাছাকাছি কোনো প্রতিষ্ঠানে পরিণত করছে।'

রাশিয়া ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা করতে চায় বলে জানান লাভরভ।

রাশিয়ার দাবি, ইউক্রেন আনুষ্ঠানিকভাবে নিজেকে একটি নিরপেক্ষ দেশ ঘোষণা করুক এবং প্রতিশ্রুতি দিক যেন দেশটি কখনোই মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক ব্লকে যোগ দেবে না।