মারিউপোল দখলের দাবি রাশিয়ার

স্টার অনলাইন ডেস্ক

রুশ বাহিনী ইউক্রেনের বন্দরনগরী মারিউপোল পুরোপুরি দখল করে ফেলেছে বলে দাবি করেছে রাশিয়া।

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু আজ বৃহস্পতিবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ তথ্য জানিয়েছেন। তবে কিয়েভের ২ হাজারের বেশি সেনা এখনও শহরের আজভস্টাল স্টিল প্ল্যান্টে অবস্থান করছে বলে উল্লেখ করেছেন তিনি।  

রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিন শোইগুকে আজভস্টাল স্টিল প্ল্যান্টে 'ঝড় বইয়ে দেওয়ার' পরিকল্পনা বাতিল করার এবং প্ল্যান্টটিকে 'নিরাপদে অবরুদ্ধ' করে রাখার নির্দেশ দিয়েছেন। 

তুমুল হামলা না করে তিনি আজভস্টাল স্টিল প্ল্যান্টে ও সংশ্লিষ্ট এলাকাকে এমনভাবে ঘিরে রাখতে বলেছেন, যেন সেখান থেকে 'মাছিও বের হতে না পারে'। স্টিল প্ল্যান্টে অবস্থানরত ইউক্রেন পক্ষের সেনাদের আবারও অস্ত্র জমা দেওয়ার প্রস্তাব দিতে বলেছেন তিনি।

প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর হিসেব মতে, গত মার্চের শুরুতে যখন রাশিয়া মারিউপোল ঘেরাও করে, তখন সেখানে প্রায় ৮ হাজার ১০০ ইউক্রেনীয় ও বিদেশি সেনা ছিলেন। শোইগুয়েই তথ্য অনুসারে, তাদের মধ্যে ১ হাজার ৪০০ জনের বেশি অস্ত্র নামিয়ে রেখেছেন।

এদিকে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, রুশ বাহিনীর মারিউপোল দখলের খবর অস্বীকার করেছে ইউক্রেন।

এর আগে প্রথম দফায় গত রোববার মারিউপোলে ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের জন্য সময় বেঁধে দেয় মস্কো। তবে ইউক্রেন সেই আল্টিমেটাম প্রত্যাখ্যান করে এবং লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

পরে দ্বিতীয় দফায় গতকাল বুধবার মস্কোর স্থানীয় সময় দুপুর ২টা (জিএমটি সময় ১১টা) পর্যন্ত মারিউপোলের আজভস্টাল স্টিল প্ল্যান্টে আটকে থাকা ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের জন্য নতুন সময় বেঁধে দেয় রাশিয়া। সেই সময় পার হয়ে গেলেও গতকাল মারিউপোলে 'গণ আত্মসমর্পণের' কোনো চিহ্ন দেখা যায়নি বলে বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়।