মারিউপোল জয়ের দাবি পুতিনের, ‘শেষ ঘাঁটি’ রক্ষায় মরিয়া ইউক্রেন
ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার সীমান্তবর্তী বন্দরনগরী মারিউপোল দখলের দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে সেখানে নিজেদের 'শেষ ঘাঁটি' রক্ষায় মরিয়া হয়ে লড়ছেন ইউক্রেনীয় সেনারা।
আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আজ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মারিউপোল জয়ের দাবি করলেও ইউক্রেনের সেনারা সেখানে তাদের 'শেষ ঘাঁটি' রক্ষায় প্রাণপণ যুদ্ধে লিপ্ত।
গত কয়েক সপ্তাহ অবিরাম বোমা বর্ষণের পর বন্দরনগরীটি 'মুক্ত' ঘোষণার প্রক্রিয়ায় আছে মস্কো।
ক্রেমলিনে এক বৈঠকে প্রেসিডেন্ট পুতিন তার প্রতিরক্ষামন্ত্রী ও রুশ সেনাদের অভিনন্দন জানিয়ে বলেছেন, 'মারিউপোলের শিল্পাঞ্চলে আজোভসতাল ইস্পাত কারখানার দিকে যাওয়ার প্রয়োজন নেই। সেই এলাকা এমনভাবে ঘিরে রাখতে হবে যাতে সেখানে মাছিও ঢুকতে না পারে।'
আজোভসতাল ইস্পাত কারখানায় ইউক্রেনীয় সেনারা অবস্থান করায় পুতিন তাদেরকে ইঙ্গিত করে এ কথা বলেন।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসনের পর মারিউপোলে রুশ সেনাদের বিজয়কে 'বড় পুরস্কার' হিসেবে দাবি করছেন প্রেসিডেন্ট পুতিন।
গত মাসে ইউক্রেনের রাজধানী কিয়েভের আশ-পাশের এলাকা থেকে সৈন্য সরিয়ে নেয় রাশিয়া। হামলার প্রায় ২ মাস পর মারিউপোলকে ধ্বংসস্তূপে পরিণত করে সেখানে বিজয়ের ঘোষণা দিলেন রুশ প্রেসিডেন্ট।
আজ ভোরে দেওয়া এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, 'সামান্য হলেও একটা বিজয় দেখতে রাশিয়া তার ক্ষমতার সবটুকু ব্যবহার করছে।'
মারিউপোল আক্রমণকারীদের হাত থেকে নিজেকে রক্ষার জন্য এখনো চেষ্টা করছে বলেও জানান তিনি।
দেশটির কর্মকর্তারা বেসামরিক ব্যক্তি ও আহত সেনাদের নিরাপদে মারিউপোল থেকে সরিয়ে নেওয়ার জন্য সহায়তার আবেদন জানিয়েছে।
পুতিনের এই বিজয়ের দাবির প্রতি সন্দেহ প্রকাশ করে যুক্তরাষ্ট্র বলেছে, তাদের বিশ্বাস ইউক্রেনীয় সেনারা শহরের কিছু এলাকা এখনো দখলমুক্ত রেখেছে।
ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স টুয়োন্টি ফোর জানিয়েছে, গতকাল প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে সামরিক সহায়তা হিসেবে আরও ৮০০ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিয়ে বলেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলা জোরদার হওয়ায় এই সহায়তা 'গুরুত্বপূর্ণ ভূমিকা' পালন করবে।
ইউক্রেনের হিসাবে মারিউপোলে অন্তত ১০ হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘ ও রেডক্রস সেখানে কয়েক হাজার বেসামরিক মানুষ নিহতের সংবাদ জানিয়েছে।