মারিউপোলে যুদ্ধ নয়, সন্ত্রাসী হামলা করছে রাশিয়া: জেলেনস্কি
মারিউপোলে রুশ হামলাকে 'সন্ত্রাসী হামলা' হিসেবে অভিহিত করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, হামলার মুখে হাজারো বেসামরিক নাগরিক শহরটিতে অবরুদ্ধ অবস্থায় আছেন।
আজ বৃহস্পতিবার তিনি এ কথা বলেন বলে সিএনএনের প্রতিবেদনে জানানো হয়েছে।
ফরাসি টেলিভিশন চ্যানেল বিএফএমটিভিকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, 'আমাদের সেনাবাহিনীর তথ্যমতে, রুশ বাহিনী দখলকৃত ১২০ কিলোমিটারের মধ্য দিয়ে আমাদেরকে যেতে দিচ্ছে না। এটা সত্যি। আমরা আজ এটি করতে পারছি না। আমরা আলোচনা করছি, মানবিক করিডোর খুলছি এবং কিছু মানুষ বেরও হচ্ছেন। কিন্তু এখনো হাজার হাজার মানুষ সেখানে অবরুদ্ধ হয়ে আছেন। এখন পর্যন্ত রাশিয়া তাদেরকে বের হতে দিচ্ছে না।'
'মারিউপোল শহরে স্থানীয় বাসিন্দা, শিশু, বৃদ্ধ ও সামরিক বাহিনী অবরুদ্ধ হয়ে আছে। এ পরিস্থিতি ঠিক যুদ্ধের মতো নয়, মারিউপোল ও এই শহরের মানুষের বিরুদ্ধে রাশিয়ার সন্ত্রাসী অভিযান এটি', যোগ করেন তিনি।
রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোর বাহিনী ইউক্রেনের বন্দরনগরী মারিউপোল পুরোপুরি দখল করে ফেলেছে বলে দাবি করেছে রাশিয়া। তবে ইউক্রেন এ খবর অস্বীকার করেছে বলে জানিয়েছে সিএনএন।