মারিউপোলে আত্মসমর্পণে রাশিয়ার বেঁধে দেওয়া নতুন সময়সীমাও শেষ
ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলে অবস্থানরত ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের জন্য রাশিয়ার দেওয়া সবশেষ আল্টিমেটাম আজ বুধবার বিকেলে শেষ হয়ে গেছে।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, সময় পার হয়ে গেলেও মারিউপোলে 'গণ আত্মসমর্পণের' কোনো চিহ্ন দেখা যায়নি।
এর আগে আজ মস্কোর স্থানীয় সময় দুপুর ২টা (জিএমটি সময় ১১টা) পর্যন্ত মারিউপোলের আজভস্টাল স্টিল প্ল্যান্টে আটকে থাকা ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের জন্য নতুন সময় বেঁধে দেয় রাশিয়া।
রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়, এ সংক্রান্ত বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, 'যারা অস্ত্র নামিয়ে রাখবেন, রাশিয়া তাদের সবাইকে জীবন রক্ষা, সম্পূর্ণ নিরাপত্তা ও চিকিৎসা সহায়তা প্রদানের নিশ্চয়তা দিচ্ছে।'
প্রথম দফায় গত রোববার মারিউপোলে ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের জন্য সময় বেঁধে দেয় মস্কো। তবে ইউক্রেন সেই আল্টিমেটাম প্রত্যাখ্যান করে এবং লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তখন বলে, আল্টিমেটাম উপেক্ষা করায় মারিউপোলে যুদ্ধরত সেনাদের 'নির্মূল' করা হবে।
মারিউপোলের দখল নিতে ১ মাসেরও বেশি সময় ধরে লড়ছে রুশ বাহিনী। ইউক্রেন আক্রমণের পর প্রায় ২ মাস কেটে গেলেও এখনো ইউক্রেনের প্রধান কোনো শহরের দখল নিতে পারেনি মস্কো।
মারিউপোল কর্তৃপক্ষ বলছে, অবরুদ্ধ বন্দর শহরটিকে রাশিয়ান বাহিনী ঘিরে আছে। তবে এখনো শহরটি রুশদের দখলে যায়নি।