মস্কোর দাবি পূরণ হলে হামলা বন্ধ হবে: পুতিন

স্টার অনলাইন ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধ করলে এবং মস্কোর দাবি পূরণ হলে রাশিয়া সামরিক অভিযান বন্ধ করবে।

আজ রোববার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদায়োনের সঙ্গে ফোনালাপের সময় তিনি এ কথা বলেন বলে জানিয়েছে ক্রেমলিন।

বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফোনালাপে রুশ প্রেসিডেন্ট তার আগের কথার পুনরাবৃত্তি করে বলেন, ইউক্রেন অভিযান পরিকল্পনা অনুযায়ী ও সময়সূচী অনুসারে চলছে।

ক্রেমলিনের বিবৃতি অনুসারে, পুতিন বলেছেন, তিনি আশা করেন রাশিয়া-ইউক্রেন আলোচনায় ইউক্রেনীয় প্রতিনিধিরা আরও গঠনমূলক পন্থা অবলম্বন করবেন।

ফোনালাপের পর এক বিবৃতিতে তুর্কি প্রেসিডেন্সি জানিয়েছে, পুতিনকে ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা করার, মানবিক করিডোর খোলার এবং শান্তি চুক্তিতে সই করার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

এরদোয়ান পুতিনকে বলেছেন, তুরস্ক সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে অবদান রাখতে প্রস্তুত। যুদ্ধবিরতি মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ কমিয়ে দেবে বলে মন্তব্য করেছেন তিনি।

২ নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও আলোচনা করেছেন বলে তুরস্কের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।