বেইজিং ‘নিজস্ব উপায়ে’ ইউক্রেনে শান্তি আনার চেষ্টা করবে: ইইউকে চীন

স্টার অনলাইন ডেস্ক

চীন ইউরোপীয় ইউনিয়নকে (ইইউকে) আশ্বস্ত করেছে, তারা ইউক্রেনে শান্তি আনার চেষ্টা করবে। তবে সেটি হবে চীনের নিজস্ব উপায়ে।

আজ শুক্রবার ভার্চুয়াল সম্মেলনে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং ইইউ নেতাদের এ কথা বলেন বলে বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

এ সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের ঘনিষ্ঠ সম্পর্কের প্রভাবের ভিত্তিতে নয়, ইউরোপীয় ইউনিয়ন 'স্বাধীনভাবে' চীনের সঙ্গে আচরণ করবে করবে বলে আশা করেন তিনি।

বৈঠকের পর ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল ব্রাসেলসে সাংবাদিকদের বলেন, 'চীন রাশিয়ার আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়ে চোখ বন্ধ রাখতে পারে না।'

এই যুদ্ধ যে বিশ্ব নিরাপত্তা এবং বিশ্ব অর্থনীতির জন্য হুমকি, সেই বিষয়ে বৈঠকে ইইউ ও চীন সম্মত হয়েছে বলে জানান মিশেল।

তিনি বলেন, 'ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ অবসানে চীনের ইতিবাচক পদক্ষেপকে স্বাগত জানাবে। আমরা রাশিয়াকে আর্থিক বা সামরিকভাবে সাহায্য করার যে কোনো প্রচেষ্টার বিষয়ে সজাগ থাকব এবং যুদ্ধ অবসানের ব্যাপারে চীনের যে কোনো পদক্ষেপকে স্বাগত জানাব।'

'বৈঠকে আমরা ইউরোপীয় ইউনিয়নের অবস্থান ব্যাখ্যা করার এবং চীনকে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের সব প্রচেষ্টায় সক্রিয়ভাবে অংশগ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ করানোর ও সেই অনুযায়ী কাজ করার জন্য আহ্বান জানানোর সুযোগ পেয়েছি', যোগ করেন তিনি।

চীনের সঙ্গে  বৈঠকের পর ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন টুইটারে বলেন, রাশিয়াকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে সাহায্য করলে চীনের সুনাম হুমকির মুখে পড়বে।  

'যুদ্ধ দীর্ঘায়িত করা এবং বিশ্ব অর্থনীতিতে আরও বিঘ্ন ঘটানোর প্রতি কারো কারও আগ্রহ নেই', যোগ করেন তিনি।