বিরল ঘটনা: রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার কথা ভাবছে সিঙ্গাপুর

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিক্রিয়ায় বিরল ব্যবস্থা নিতে যাচ্ছে সিঙ্গাপুর। পশ্চিমা দেশগুলোর মতো এবার সিঙ্গাপুরও জানিয়েছে যে, তারা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে।

আজ শনিবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার কিছু ব্যাংকের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ ও আর্থিক সীমা আরোপ, ক্রিপ্টোকারেন্সি লেনদেনের ওপর বিধিনিষেধ এবং রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংককে সহায়তা করতে পারে এমন আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিষেবা প্রদান নিষিদ্ধ করবে সিঙ্গাপুর।

সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান এর আগে সংসদে বলেছিলেন যে, 'রাশিয়ার বিরুদ্ধে যথাযথ নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ আরোপের জন্য অন্য অনেক সমমনা দেশের সঙ্গে একযোগে কাজের ইচ্ছে পোষণ করেছে সিঙ্গাপুর।'

দক্ষিণ-পূর্ব এশিয়ান নেশনস অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা রাশিয়ার আগ্রাসনের নিন্দা করলেও, আঞ্চলিক প্রতিবেশীদের মধ্যে সিঙ্গাপুরই প্রথম দেশ, যে কিনা নিষেধাজ্ঞা আরোপের পথে হাঁটছে।

উল্লেখ্য, এশিয়ার অর্থনৈতিক হাব হিসেবে পরিচিত সিঙ্গাপুরের পক্ষ থেকে অন্য কোনো দেশের ওপর নিষেধাজ্ঞা জারির ঘটনা খুবই বিরল।