বাইডেনের ইউক্রেনে আসা উচিত: ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট
ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সপ্তাহে ন্যাটো সম্মেলন ইউরোপের ব্রাসেলসে থাকাকালীন ইউক্রেনে আসা উচিত।
'কেন না; সে আমার খুব ভালো বন্ধু, ইউক্রেনের খুব ভালো বন্ধু, জো বাইডেন এখন বিশ্বব্যাপী নেতৃত্ব দিচ্ছেন। কেন তিনি আমাদের সঙ্গে সংহতি জানিয়ে আগামী সপ্তাহে ইউক্রেনে আসবেন না?', বলেন পোরোশেঙ্কো।
সিএনএনের খবরে বলা হয়েছে, পোরোশেঙ্কো সে সময় কিয়েভে সামরিক পোশাক পরা অবস্থায় সেনা পরিবেষ্টিত ছিলেন।
হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন ন্যাটোর শীর্ষ সম্মেলনে অংশ নিতে আগামী ২৪ মার্চ বেলজিয়ামের ব্রাসেলস ভ্রমণ করবেন এবং ইউরোপীয় কাউন্সিলের বৈঠকে অংশ নেবেন।
পোরোশেঙ্কো আরও বলেছেন, 'গোটা বিশ্ব আমাদের পক্ষে রাশিয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছে।'
মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছেন, বাইডেন ন্যাটো সম্মেলনের সময় 'চলমান প্রতিরোধ ও প্রতিরক্ষা প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন' এবং তার ন্যাটো মিত্রদের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করবেন।
এ ছাড়া পোরোশেঙ্কো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে 'বদ্ধ উন্মাদ' অভিহিত করে বলেছেন, ''ইউক্রেনীয়দের 'বুলেটপ্রুফের মতো ঐক্য' রয়েছে।'