মার্কিন কংগ্রেসে ভাষণ

বাইডেনকে শান্তির নেতা হওয়ার আহ্বান জেলেনস্কির

স্টার অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে শান্তির নেতা হওয়ার আহ্বান জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, 'আপনি আপনার জাতির নেতা। আমি আশা করি আপনি বিশ্বের নেতা হবেন। বিশ্বের নেতা হওয়া মানে শান্তির নেতা হওয়া।'

আজ বুধবার মার্কিন কংগ্রেসে ভার্চুয়াল ভাষণ দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

জেলেনস্কি বলেন, 'আপনার দেশে শান্তি আর শুধুমাত্র আপনার এবং আপনার জনগণের উপর নির্ভর করে না। এটি নির্ভর করে আপনার পাশের লোকদের উপর, যারা শক্তিশালী তাদের উপর। শক্তিশালী মানে বড় নয়। শক্তিশালী তারা, যারা সাহসী এবং যারা নিজেদের নাগরিক ও বিশ্বের নাগরিকদের জীবনের জন্য লড়াই করার জন্য প্রস্তুত।'

তিনি আরও বলেন, 'রাশিয়া কেবল আমার দেশ আক্রমণ করেনি। তারা আমাদের মূল্যবোধের উপর নৃশংস আক্রমণ করেছে।'

ইউক্রেনের প্রেসিডেন্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবার এবং ২০০১ সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার প্রসঙ্গ টেনে বলেন, 'এগুলো কেউ এটি আশা করেনি, আপনারা এগুলো বন্ধ করতে পারেননি। আমাদের দেশেও প্রতিদিন একই ঘটনা ঘটছে। রাশিয়া ইউক্রেনের আকাশকে হাজার হাজার মানুষের মৃত্যুর উৎসে পরিণত করেছে।'

ইউক্রেনের আকাশে নো-ফ্লাই জোন দেওয়ার আহ্বান জানিয়ে কংগ্রেসকে তিনি বলেন, 'মানুষকে বাঁচানোর জন্য ইউক্রেনের উপর একটি নো-ফ্লাই জোন তৈরি করা কি খুব বড় চাওয়া?'

নো-ফ্লাই জোন দিতে না পারলে বিকল্প হিসেবে ইউক্রেনকে স্বাধীনতা রক্ষার জন্য এয়ারক্রাফট দেওয়ার প্রস্তাব দেন তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, এ পর্যন্ত যুদ্ধে যুক্তরাষ্ট্র যে সমর্থন দিয়েছে, তার জন্য তার দেশ কৃতজ্ঞ।

সহায়তার ক্ষেত্রে জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের 'ব্যক্তিগত সম্পৃক্ততার' কৃতিত্বও দেন।

তবে রাশিয়ার হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তিনি কংগ্রেসকে আরও কিছু করার এবং আরও নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানান। রাশিয়ান ফেডারেশনের সব রাজনীতিবিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানান জেলেনস্কি।

'সব আমেরিকান কোম্পানিকে অবিলম্বে রাশিয়ার বাজার ত্যাগ করতে হবে', উল্লেখ করে তিনি বলেন, আয়ের চেয়ে শান্তি গুরুত্বপূর্ণ।