বরিস জনসনকে নিষিদ্ধ করল রাশিয়া
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে 'শত্রুতাপূর্ণ অবস্থান নেওয়ায়' যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে মস্কো। এ নিষেধাজ্ঞার ফলে তার আর রাশিয়ায় প্রবেশের সুযোগ থাকছে না।
আজ শনিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানায়, বরিস জনসনের পাশাপাশি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ও সাবেক প্রধানমন্ত্রী তেরেসা মে সহ দেশটির মোট ১৩ রাজনীতিবিদের ওপর প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে মস্কো।
'যুক্তরাজ্য সরকারের শত্রুতামূলক পদক্ষেপের প্রেক্ষিতে, বিশেষ করে জ্যেষ্ঠ রাশিয়ান কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার কারণে এই ব্যবস্থা নেওয়া হলো', পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়।
শিগগির এই তালিকা আরও বড় করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।