প্রতিশোধ নিতে কিয়েভে হামলার তীব্রতা আরও বাড়বে: রাশিয়া
ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানিয়েছে রাশিয়া। তারা আরও জানায়, ইউক্রেনের 'জঙ্গি হামলা' ও 'নাশকতামূলক কার্যক্রমের' বিরুদ্ধে প্রতিশোধ নিতে এ ধরনের হামলার তীব্রতা আগামীতে আরও বাড়বে।
সমুদ্র থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শহরের একটি কারখানায় আঘাত করেছে, যেখানে উড়োজাহাজ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা ও রণতরী বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি ও মেরামত করা হয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক বার্তায় জানায়, 'ফলে কারখানাটির দীর্ঘ ও মধ্যম পাল্লার উড়োজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং একই সঙ্গে রণতরী বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি ও মেরামতের সক্ষমতা ধ্বংস হয়েছে।'
যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে, গত বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সীমানার ওপারে হেলিকপ্টার পাঠিয়ে একাধিক রুশ শহরে হামলা চালানোর অভিযোগ আনে।
তবে মস্কোর পক্ষ থেকে আসা এই দাবিগুলোর সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি।
সম্প্রতি কৃষ্ণসাগরে রাশিয়ার ক্ষেপণাস্ত্রবাহী প্রধান যুদ্ধজাহাজ 'মস্কভা' ডুবে গেছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে। ইউক্রেনের কর্মকর্তাদের দাবি, তাদের বাহিনীর রণতরী বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রুশ যুদ্ধজাহাজটিকে আঘাত করে।