পুতিনকে নিয়ে বাইডেনের মন্তব্য ব্যক্তিগত অপমানের পর্যায়ে পড়ে: ক্রেমলিন

স্টার অনলাইন ডেস্ক

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্য ব্যক্তিগত অপমানের সমান।

আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে সিএনএন।

পেসকভ বলেন, 'প্রেসিডেন্ট বাইডেনের বিবৃতি পুতিনকে ব্যক্তিগতভাবে অপমান করার সমান বলে মনে করছে মস্কো।'

আক্রমণাত্মক আচরণ এড়াতে কঠোরভাবে বাইডেনের কথার প্রতিক্রিয়া জানাতে চান না উল্লেখ করে তিনি বলেন, 'প্রেসিডেন্ট বাইডেনের রোষপ্রবণতা, ক্লান্তি ও ভুলে যাওয়া তাকে এই ধরনের আক্রমণাত্মক বক্তব্যের দিকে পরিচালিত করেছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে আমরা তার কথা খুব তীক্ষ্ণভাবে মূল্যায়ন করব না, যাতে আরও আক্রমণাত্মক আচরণের সূচনা না হয়।'

গতকাল বৃহস্পতিবার ক্যাপিটল হিলে সেন্ট প্যাট্রিক দিবসের বক্তব্য দেওয়ার সময় বাইডেন বলেন, 'পুতিন একজন খুনি স্বৈরশাসক ও পুরোপুরি ঠগ, যিনি ইউক্রেনের জনগণের বিরুদ্ধে অনৈতিক যুদ্ধ চালাচ্ছেন।'

এর আগে গত বুধবার পুতিনকে যুদ্ধাপরাধী বলে অভিহিত করেন বাইডেন।

এ বিষয়ে গতকাল পেসকভ সাংবাদিকদের বলেন, 'বাইডেনের কথা একেবারেই অগ্রহণযোগ্য ও অমার্জনীয়।'