পশ্চিমা অস্ত্রবাহী ইউক্রেনীয় উড়োজাহাজ ভূপাতিতের দাবি রাশিয়ার
পশ্চিমা অস্ত্র বহনকারী একটি ইউক্রেনীয় উড়োজাহাজ ভূপাতিত করার দাবি জানিয়েছে রাশিয়া।
রুশ সংবাদ সংস্থা তাস রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেঙ্কোভের বরাত দিয়ে জানায়, ইউক্রেনের ওডেসা অঞ্চলের কাছাকাছি জায়গায় পশ্চিমের দেশগুলো থেকে সহায়তা হিসেবে আসা অস্ত্র বহনকারী উড়োজাহাজটিতে আঘাত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ইউনিট।
তিনি জানান, পরিবহন উড়োজাহাজটিতে পশ্চিমা দেশগুলো থেকে আসা অস্ত্রের বড় একটি চালান ছিল।
কোনাশেঙ্কোভ আরও জানান, গত ২৪ ঘণ্টায় রুশ সেনাবাহিনীর অপারেশনাল অ্যান্ড ট্যাকটিকাল ডিভিশন ৬৭টি এলাকায় ইউক্রেনীয় সেনাবাহিনীর সদস্য ও তাদের ব্যবহৃত 'হার্ডওয়্যার' (অস্ত্র, ট্যাংক, কামান, গোলাবারুদ ইত্যাদি) ধ্বংস করেছে।
রাশিয়া ইউক্রেনের ৩১৭টি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানিয়েছে। এরমধ্যে ২৭৪টি জায়গায় সামরিক দুর্গ, ২৪টি কমান্ড পোস্ট এবং সেনাবাহিনীর ব্যবহৃত ২টি তেল উত্তোলন ক্ষেত্র রয়েছে।
এ ছাড়াও, লোজোভায়া ও ভেসেলায়া এলাকার সীমান্তে ২টি ইউক্রেনীয় ড্রোনও ভূপাতিত করার দাবি জানান কোনাশেঙ্কোভ।