পশ্চিমারা পুতিনকে বোমা হামলা চালানোর লাইসেন্স দিচ্ছে: জেলেনস্কি
ইউক্রেনে নো-ফ্লাই-জোন ঘোষণা না করতে চাওয়ায় পশ্চিমা নেতাদের নিন্দা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ইউক্রেনীয়দের উদ্দেশ্যে এক টেলিভিশন ভাষণে জেলেনস্কি বলেন, পশ্চিমা নেতারা জানেন যে আমাদের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন বাড়তে পারে।
তিনি পশ্চিমাদের অভিযুক্ত করে বলেন, তারা ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনের শহরগুলোতে বোমা হামলা চালিয়ে যাওয়ার লাইসেন্স দিচ্ছে।
তিনি বলেন, 'নতুন হামলা এবং হতাহতের ঘটনা অনিবার্য জেনে, ন্যাটো ইচ্ছাকৃতভাবে ইউক্রেনের আকাশ বন্ধ না করার সিদ্ধান্ত নিয়েছে।'
তিনি আরও বলেন, 'নো-ফ্লাই জোন করতে অস্বীকার করে ন্যাটো নেতৃত্বাধীন জোট ইউক্রেনের শহর ও গ্রামে আরও বোমা হামলার জন্য সবুজ সংকেত দিয়েছে।'
এর আগে, শুক্রবার ব্রাসেলসে ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ ইউক্রেনের পরিস্থিতিকে 'ভয়াবহ' বলে বর্ণনা করেছেন। তবে তিনি জানিয়েছেন, মিত্র বাহিনী স্থল বা আকাশপথে ইউক্রেনে প্রবেশ করবে না।
পশ্চিমা কর্মকর্তারা যুক্তি দিয়েছেন, নো-ফ্লাই-জোন ন্যাটো জোটকে রুশ সেনাদের ওপর গুলি চালাতে বাধ্য করবে। যার ফলে সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হতে পারে।