ন্যাটোর ‘অর্থনৈতিক বিভাগে’ পরিণত হয়েছে ইইউ: রাশিয়া
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন আর নিজের জায়গায় নেই। 'ন্যাটোর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের' পর্যায়ে চলে গেছে সংস্থাটি।
ইউক্রেন সফরের পর ইইউর পররাষ্ট্রনীতি প্রধান জোসেপ বোরেলের টুইট বার্তার প্রতিক্রিয়ায় গতকাল শনিবার তিনি এ কথা বলেন বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।
ইউক্রেন থেকে ফিরে জোসেপ বোরেল টুইটারে বলেন, 'আমি কাজের একটি স্পষ্ট তালিকা নিয়ে ফিরে এসেছি। যুদ্ধক্ষেত্রেই জিততে হবে এই যুদ্ধ। ইপিএফ থেকে আরও ৫০০ মিলিয়ন ইউরো দেওয়ার কাজ চলছে। ইউক্রেনের প্রয়োজন অনুসারে অস্ত্র সরবরাহ করা হবে।'
তার বক্তব্যের প্রতিক্রিয়ায় জাখারোভা বলেন, 'ইউরোপীয় ইউনিয়ন আর ইউরোপীয় ইউনিয়ন নেই। এটি এখন শুধু ন্যাটোর অর্থনৈতিক সম্পর্ক বিভাগ।'
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরু হওয়ার পর থেকে ন্যাটোভুক্ত দেশগুলো ইউক্রেনে প্রচুর অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করেছে। তবে রাশিয়ার সঙ্গে সরাসরি সামরিক সংঘর্ষে যাওয়া থেকে বিরত থেকেছে ন্যাটো।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুরু থেকেই বলে আসছেন, ইউক্রেন ন্যাটো জোটে থাকলে কিয়েভের এ পরিণতি হতো না।
সিএনএন জানিয়েছে, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা আজ রোববার বলেছেন, ২০০৮ সালে ইউক্রেনকে ন্যাটোতে যোগ দিতে না দেওয়া জার্মানি ও ফ্রান্সের 'কৌশলগত ভুল' ছিল।