নিজেদের ‘নাৎসি জার্মানি’র সঙ্গে তুলনা করে বিদ্রেুপের শিকার ইউক্রেন

স্টার অনলাইন ডেস্ক

১৯৪৩ সাল। তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে সঙ্গে নিয়ে জার্মানির হামবুর্গে বোমা ফেলছে মিত্রবাহিনী। এখন ২০২২। এক সময়ের সোভিয়েতভুক্ত ইউক্রেনের খারকভে বোমা ফেলছে রাশিয়া। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিজেদের দুরাবস্থা তুলে ধরতে গিয়ে টু্ইটারে এমন ২টি ঘটনার ২টি ছবি পাশাপাশি প্রকাশ করে বিদ্রুপের শিকার হয়েছে কিয়েভ।

প্রশ্ন উঠেছে—ইউক্রেন কি তাহলে 'নাৎসি জার্মানি'? আর রুশ বাহিনী কি 'মুক্তি ফৌজ'?

'এই প্রথম কিয়েভ থেকে নাৎসি-সংক্রান্ত তুলনামূলক বক্তব্য পাওয়া গেল'—মন্তব্য করে গতকাল রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি'র প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনী খারকিভেও বোমা ফেলেছিল। ওই ছবির সঙ্গে এখনকার ছবি প্রকাশ করা হলে রুশ বাহিনীকে নাৎসিদের সঙ্গে তুলনা করা যেত।

'ভুলভাবে' ছবি প্রকাশ করায় অনলাইনে পাঠকদের সরস মন্তব্য আসছে বলেও আরটির ওই প্রতিবেদনে বলা হয়।

সেখানে এক পাঠকের মন্তব্য, 'আপনারা প্রকাশ্যে নিজেদের নাৎসিদের সঙ্গে তুলনা করেননি তো?'

আরেক পাঠক বলেন, 'আসলে আপনারা বুঝতেই পারছেন না যে ছবি ২টি কী তুলে ধরছে।'

প্রতিবেদনে আরও বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে দেশগুলোর সেনারা হামবুর্গে বোমা ফেলেছিল সেই দেশগুলোর কাছেই ইউক্রেন নিজেদের রক্ষার আবেদন করছে। তবে কেন হামবুর্গের সঙ্গে খারকভের এমন তুলনা হয়েছে সে বিষয়ে ইউক্রেনের পার্লামেন্ট ব্যাখ্যা দেয়নি।

গত ২৪ ফেব্রুয়ারি 'বিশেষ সামরিক অভিযান' শুরুর সময় প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, ইউক্রেনকে 'নাৎসিমুক্ত' করাই এ অভিযানের লক্ষ্য।

তাহলে সঙ্গত কারণেই প্রশ্ন উঠতে পারে, নিজেদের 'নাৎসি জার্মানি'র সঙ্গে তুলনা করে ইউক্রেন কি পুতিনের কথারই সত্যতা তুলে ধরলেন?