নাৎসিদের থেকে বাঁচলেও প্রাণ হারালেন রুশ হামলায়
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়ন থেকে নাৎসি বাহিনী তাকে আটক করে নিয়ে গিয়েছিল জার্মানিতে। সেখানে তাকে কঠোর পরিশ্রম করতে হয়। সেটা ছিল ১৯৪২ সাল।
এর পরের বছর সেখান থেকে পালানোর চেষ্টা করলে তাকে বুখেনবাল্ড বন্দিশিবিরে নিয়ে যাওয়া হয়। সেখানে নাৎসি বাহিনী অন্তত ৫৬ হাজার ৫৪৫ জনকে হত্যা করলেও বেঁচে গিয়েছিলেন তিনি।
এরপর তাকে নিয়ে যাওয়া হয় মিতেলবাও-দোরা উপশিবিরে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় কুখ্যাত বারগেন বেলসেন ও পিনেমুন্দে বন্দিশিবিরে।
এতগুলো বন্দিশিবিরে দুঃসহ জীবন কাটিয়ে তিনি পৌঁছেছিলেন জীবনের শেষপ্রান্তে। তবে স্বাভাবিক মৃত্যুর স্বাদ নিতে পারেননি। নিহত হলেন রুশ বাহিনীর গোলার আঘাতে।
তিনি 'হলোকস্ট সার্ভাইভার' বরিস রোমানৎশেনকো, বয়স ৯৬ বছর।
আজ মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, গত শুক্রবার রাশিয়ার সীমান্ত থেকে ৩০ মাইল দূরে ইউক্রেনের খারকিভ শহরে দখলদার বাহিনীর গোলায় রোমানৎশেনকো নিহত হন। তার মৃত্যুর সংবাদ টুইটার বার্তায় নিশ্চিত করেছে বুখেনবাল্ড কনসেনট্রেশন ক্যাম্প মেমোরিয়াল ইনস্টিটিউট।
স্বজনদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, রোমানৎশেনকোর জন্ম ১৯২৬ সালের ২০ জানুয়ারি, রাশিয়ার বোনদারিতে। গত শুক্রবার তার অ্যাপার্টমেন্ট ভবনে রুশ গোলা আঘাত হানলে তিনি নিহত হন।