নরেন্দ্র মোদির কাছে ‘রাজনৈতিক সমর্থন’ চাইলেন ইউক্রেন প্রেসিডেন্ট
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজ শনিবার টুইট করেছেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'রাজনৈতিক সমর্থন' চেয়ে কথা বলেছেন।
রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটদান থেকে বিরত ছিল ভারত। ভারতের এমনে সিদ্ধান্তে ক্রেমলিনের প্রশংসার পরপরই এ টুইট করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী মোদীকে ১ লাখের বেশি রাশিয়ান সেনার গতিপথ নিয়ে অবহিত করেছেন।
নরেন্দ্র মোদির কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট জেলেনস্কি ইউক্রেনের চলমান সংঘাত পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেছেন। চলমান সংঘাতের কারণে জানমালের ক্ষয়ক্ষতি নিয়ে গভীর শোক প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী।
বিবৃতিতে আরও বলা হয়েছে, নরেন্দ্র মোদি অবিলম্বে সহিংসতা বন্ধ এবং সংলাপে ফিরে আসার আহ্বান পুনর্ব্যক্ত করেন এবং শান্তি প্রচেষ্টায় যে কোনো উপায়ে অবদান রাখার জন্য ভারতের ইচ্ছা প্রকাশ করেন। ইউক্রেনে থাকা শিক্ষার্থীসহ ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের কথাও জানান ভারতের প্রধানমন্ত্রী। তিনি ভারতীয় নাগরিকদের দ্রুত ও নিরাপদে সরিয়ে নিতে ইউক্রেন কর্তৃপক্ষের সুবিধা চেয়েছেন।
এদিকে, ভারতে রাশিয়ার দূতাবাস এক টুইট বার্তায় বলেছে, জাতিসংঘে ভারতের 'স্বাধীন ও ভারসাম্যপূর্ণ' অবস্থানের জন্য তারা 'অত্যন্ত কৃতজ্ঞ'।
জাতিসংঘে ভারতের অবস্থান ব্যাখ্যা করে সরকারি সূত্রগুলো শনিবার সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, নিরাপত্তা পরিষদের প্রস্তাব থেকে বিরত থেকে ভারত একটি মধ্যম পন্থা খুঁজে বের করতে এবং সংকট নিরসনে সংলাপ ও কূটনীতি রপ্ত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ করার সুযোগ করে দিয়েছে।