দীর্ঘ মেয়াদী ও কঠিন যুদ্ধ হতে পারে: বাইডেনের সতর্কবার্তা
ইউক্রেনকে আরও ৮০০ মিলিয়ন ডলারের নিরাপত্তা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ ছাড়া ইউক্রেনে 'একটি কঠিন এবং দীর্ঘমেয়াদী যুদ্ধ' হতে পারে বলে সতর্ক বার্তা দিয়েছেন তিনি।
বুধবার হোয়াইট হাউজ থেকে দেওয়া এক ভাষণে জো বাইডেন এসব কথা বলেন।
তিনি আরও বলেন, 'ইউক্রেনের জনগণের ওপর পুতিনের অসৎ ও অনৈতিক আক্রমণের মুখে আমেরিকার জনগণের সমর্থন অব্যাহত থাকবে। পুতিনের ঘৃণ্য আক্রমণের বিরুদ্ধে ঘৃণা নিয়ে আমরা ঐক্যবদ্ধ এবং ইউক্রেনের জনগণের গণতন্ত্র ও স্বাধীনতার লড়াইয়ের প্রতি সমর্থন অব্যাহত রাখবো।'
এ ছাড়া বুধবার সন্ধ্যায় মার্কিন কংগ্রেসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির ভার্চুয়ালি দেওয়া ভাষণের প্রসংশা করে তিনি বলেন, 'আমি আমার বাসভবন থেকে ভাষণটি শুনছিলাম। তিনি (জেলেনস্কি) আত্মবিশ্বাসী ছিলেন এবং এটি একটি তাৎপর্যপূর্ণ ভাষণ। যারা নৃশংস আগ্রাসনের মুখে অসাধারণ সাহস এবং শক্তি দেখিয়েছেন সেই সব মানুষের জন্য কথা বলেছেন তিনি। তার সাহস এবং শক্তি যা কেবল ইউক্রেনীয়দেরই নয়, সমগ্র বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করেছে।'