তেল না নিলে গ্যাস দেব না: রাশিয়া

‘যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পরিকল্পনা জার্মানি ও নেদারল্যান্ডসের প্রত্যাখ্যান’
স্টার অনলাইন ডেস্ক

পশ্চিমা দেশগুলো রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে জার্মানিতে গ্যাস সরবরাহের প্রধান পাইপলাইন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে রাশিয়া।

আজ মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রুশ উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভক বলেছেন, 'রাশিয়ার তেল প্রত্যাখ্যানের সিদ্ধান্ত বিশ্ব বাজারের জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনবে। ফলে তেলের দাম দ্বিগুণ বেড়ে ব্যারেল প্রতি ৩০০ ডলার ছাড়িয়ে যেতে পারে।'

ইউক্রেনে আগ্রাসনের জন্য রাশিয়াকে শাস্তি দিতে দেশটির তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপের চিন্তা করছে যুক্তরাষ্ট্র। তবে এ ধরনের পরিকল্পনা সোমবার প্রত্যাখ্যান করেছে জার্মানি ও নেদারল্যান্ডস।

ইউরোপের মোট চাহিদার ৪০ শতাংশ গ্যাস আর ৩০ শতাংশ তেল রাশিয়া থেকে আসে। এই সরবরাহ বন্ধ হলে সহজ কোনো বিকল্প নেই।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে আলেকজান্ডার নোভাক বলেন, 'ইউরোপের বাজারে রাশিয়ার তেলের বিকল্প দ্রুত খুঁজে পাওয়া প্রায় অসম্ভব।'

'এর জন্য কয়েক বছর সময় লেগে যেতে পারে এবং ইউরোপীয় ভোক্তাদের জন্য সেটি অনেক বেশি ব্যয়বহুল হবে। শেষ পর্যন্ত তারা এই সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে', যোগ করেন তিনি।

দুই দেশের মধ্যে সংযোগকারী নতুন গ্যাস পাইপলাইন নর্ড স্ট্রিম-২ এর সার্টিফিকেশন স্থগিত করতে গত মাসে জার্মানির সিদ্ধান্তের দিকে ইঙ্গিত করে তিনি জানান, রাশিয়াও তেল নিষেধাজ্ঞা ইস্যুতে প্রতিশোধ নিতে পারে।

রুশ উপ-প্রধানমন্ত্রী বলেন, 'আমাদেরও একই ধরনের সিদ্ধান্ত নেওয়ার এবং বিদ্যমান নর্ড স্ট্রিম-১ গ্যাস পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের ওপর নিষেধাজ্ঞা আরোপের অধিকার আছে।'

বিশ্বে প্রাকৃতিক গ্যাসের শীর্ষ উৎপাদক এবং অপরিশোধিত তেলের দ্বিতীয় শীর্ষ উৎপাদক রাশিয়া। ফলে দেশটির জ্বালানি শিল্পের ওপর যেকোনো নিষেধাজ্ঞা এর নিজস্ব অর্থনীতিকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করবে।

ইতোমধ্যে পশ্চিমা দেশগুলোর কাছে এই ধরনের নিষেধাজ্ঞা আরোপের জন্য অনুরোধ করেছে ইউক্রেন। তবে উদ্বেগের বিষয় হলো- এটি বিশ্ব বাজারে তেলের দাম আরও বাড়িয়ে দেবে।

গতকাল বিশ্ব বাজারের অপরিশোধিত তেলের (ব্রেন্ট ক্রুড অয়েল) দাম ব্যারেল প্রতি ১৩৯ ডলারের উঠেছিল, যা গত প্রায় ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ।