তৃতীয় দফা আলোচনায় বসতে চায় রাশিয়া-ইউক্রেন
সংকট অবসানের লক্ষ্যে এই সপ্তাহান্তে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদল তৃতীয় দফা আলোচনায় বসতে পারে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক।
মাইখাইলো পোডোলিয়াক বলেছেন, 'তৃতীয় দফার আলোচনা আগামীকাল বা পরশু হতে পারে। আমরা ক্রমাগত যোগাযোগ করছি।'
আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এ ছাড়া, সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সঙ্গে ফোনালাপের সময় বলেছেন, 'এই সপ্তাহান্তে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তৃতীয় দফা আলোচনা হবে বলে ঠিক করা হয়েছে।'
গত সোমবার বেলারুশে ২ পক্ষের প্রথম দফা আলোচনায় খুব সামান্য অগ্রগতি হয়। পরে গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দফা আলোচনায় ইউক্রেনে যুদ্ধক্ষেত্র থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সুযোগ করে দিতে সম্মত হয় ২ পক্ষ।