দনবাসে আত্মসমর্পণের কোনো ইচ্ছা নেই: জেলেনস্কি

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেন দনবাস অঞ্চলে যুদ্ধ করছে এবং তাদের আত্মসমর্পণের কোনো ইচ্ছা নেই।

আজ রোববার সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি এ কথা বলেন বলে জানিয়েছে বিবিসি।

তিনি আরও বলেন, 'ইউক্রেন ও ইউক্রেনের জনগণ এ বিষয়ে স্পষ্ট। অন্য কারও ভূখণ্ডের ওপর আমাদের কোনো দাবি নেই। আমরাও আমাদেরটা ছেড়ে দিচ্ছি না।'

সিএনএনের সাক্ষাৎকারের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, জেলেনস্কি দনবাসের লড়াইকে 'খুবই গুরুত্বপূর্ণ' বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এই যুদ্ধ 'পুরো যুদ্ধের পথকে' প্রভাবিত করতে পারে।

বিবিসির তথ্য অনুসারে, কিয়েভের আশেপাশের বিভিন্ন  এলাকা থেকে সেনা সরিয়ে ইউক্রেনের পূর্ব দিকে নিয়ে গেছে রাশিয়া। তারা এখন ইউক্রেনের পূর্বাঞ্চলে মনোযোগ দিচ্ছে, যা ডনবাস নামে পরিচিত।

সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি আরও বলেন, 'ইউক্রেনে যা ঘটছে তা দেখার পর আমি বিশ্বকে আর বিশ্বাস করি না। আমি বলতে চাচ্ছি, আমি বিশ্বাস করি না যে, কিছু দেশ বা কিছু নেতাকে আমাদের বিশ্বাস করা উচিত। আমরা কথায় বিশ্বাস করি না। রাশিয়া উত্তেজনা বাড়ানোর পর আমরা আমাদের প্রতিবেশিদের বিশ্বাস করি না। আমরা এসবের কিছুই বিশ্বাস করি না।'

লিখিত নিরাপত্তা আশ্বাস এবং আন্তর্জাতিক আইনেও বিশ্বাস করেন না উল্লেখ করে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, 'এমনকি আমি নথিপত্রেও বিশ্বাস করি না। আমাদের বুদাপেস্ট মেমোরেন্ডাম আছে। কিন্তু আমার জন্য এটি একটি কাগজের টুকরো ছাড়া কিছুই নয়। এর কোনো দাম নেই।'