জাকারবার্গের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো রাশিয়া

স্টার অনলাইন ডেস্ক

রাশিয়ার সরকারি কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসসহ যুক্তরাষ্ট্রের ২৯ নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে মস্কো।

এ নিষেধাজ্ঞার ফলে অনির্দিষ্টকালের জন্য রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না ওই ২৯ জন। 

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার রুশ সংবাদমাধ্যম আরটি এ তথ্য জানিয়েছে।

জাকারবার্গ ও কমলা হ্যারিসসহ নতুন করে যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হলো তাদের মধ্যে লিঙ্কডইনের সিইও রায়ান রোসলানস্কি, কমলা হ্যারিসের স্বামী ডগ এমহফ, হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ রোনাল্ড ক্লেইন, পেন্টাগনের মুখপাত্র জন কিরবি প্রমুখ আছেন।

এর আগেও কয়েক দফায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নাগরিক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। তাদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী টনি ব্লিঙ্কেন, প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন আছেন।