জাতিসংঘ মহাসচিবের রাশিয়া সফরের বিষয়টি অন্যায় ও অযৌক্তিক: জেলেনস্কি
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কিয়েভ সফরের আগে মস্কো সফরের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ইউক্রেনভিত্তিক সংবাদমাধ্যম কিয়েভ পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল রোববার কিয়েভে সাংবাদিকদের উদ্দেশ্যে জেলেনস্কি বলেন, 'জাতিসংঘ মহাসচিবের আগে ইউক্রেনে না এসে রাশিয়া যাওয়ার বিষয়টি একেবারেই অন্যায়। এই সফরে কোনো ন্যায়বিচার ও যুক্তি নেই।'
'যুদ্ধ ইউক্রেনে হচ্ছে। মস্কোর রাস্তায় রাস্তায় মরদেহ পড়ে নেই। প্রথমে ইউক্রেনে এসে এখানকার মানুষদের দুর্দশা দেখে এই যুদ্ধের পরিণতি সম্পর্কে জানাটাই যৌক্তিক হতো', যোগ করেন তিনি।
জেলেনস্কি দাবি করেন, শুধু কিয়েভ ও এর সংলগ্ন অঞ্চলেই ১ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
গুতেরেস আগামী মঙ্গলবার পুতিনের সঙ্গে এবং বৃহস্পতিবার জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন। এর আগে তিনি তুরস্ক সফর করবেন বলে জানা গেছে।
গুতেরেস ইউক্রেনে নিযুক্ত জাতিসংঘ কর্মীদের জন্য সহায়তা বাড়ানোর বিষয়েও আলোচনা করবেন।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে 'বিশেষ সামরিক অভিযানের' মাধ্যমে রাশিয়া জাতিসংঘ সনদ লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছিলেন গুতেরেস। এরপর থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গুতেরেসের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ স্থাপনে অস্বীকৃতি জানিয়ে এসেছেন।
রুশ হামলা শুরুর পর জেলেনস্কির সঙ্গেও গুতেরেসের মাত্র একবারই টেলিফোনে কথা হয়েছে। হামলা শুরুর ২ দিন পর গত ২৬ ফেব্রুয়ারি তারা ফোনে কথা বলেন।
এদিকে, শনিবার রাতে জাতিসংঘ এক বিবৃতিতে জানায়, মস্কো ও কিয়েভ সফরের আগে গুতেরেস তুরস্কের আঙ্কারায় যাবেন। ২৫ এপ্রিল তিনি তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন।
