চেরনোবিল শ্রমিকদের শহর রাশিয়ার দখলে
ইউক্রেনের আঞ্চলিক গভর্নর ওলেক্সান্ডার পাভলিউক জানিয়েছেন, রাশিয়ান বাহিনী ইউক্রেনের স্লাভুটিচ শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। দুর্ঘটনাকবলিত চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মীরা ওই শহরে বসবাস করেন।
আজ শনিবার তিনি এ কথা জানান বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
টেলিগ্রাম মেসেজিং অ্যাপে গভর্নর লিখেছেন, রাশিয়ান সেনারা শহরটির হাসপাতাল দখল করেছে এবং মেয়রকে অপহরণ করেছে।
১৯৮৬ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুর্ঘটনা ঘটেছিল। সেখান থেকে ইউরোপের বিশাল একটি অঞ্চলে তেজষ্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়েছিল। বিপর্যয়ের পর সরিয়ে নেওয়া চেরনোবিল প্ল্যান্টের কর্মীদের জন্য গড়ে তোলা হয়েছিল স্লাভুটিচ শহর।
ইউক্রেনে হামলার শুরুর দিকেই রুশ বাহিনী চেরনোবিল দখল করে নেয়।