গ্যাস নিয়ে ব্ল্যাকমেইল করছে রাশিয়া: ইইউ
ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লেয়েন বলেছেন, রাশিয়া ইউরোপের গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে তা `ব্ল্যাকমেইলের হাতিয়ার'।
তিনি আরও বলেছেন, এই পদক্ষেপটি 'অযৌক্তিক' ও 'অগ্রহণযোগ্য' এবং এ সিদ্ধান্তের মাধ্যমে গ্যাস সরবরাহকারী হিসেবে রাশিয়ার অবিশ্বস্ততা ফুটে উঠে।
আজ বুধবার তিনি এ কথা বলেন বলে জানিয়েছে বিবিসি।
ইউরোপীয় কমিশনের প্রধান আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর এই বিষয়ে জরুরি পরিকল্পনা আছে। ইউরোপীয় কমিশন বিকল্প সরবরাহ ও স্টোরেজ নিশ্চিত করতে কাজ করছে।
'আমরা বিকল্প প্রবাহ সুরক্ষিত করার জন্য আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করা অব্যাহত রাখব এবং ইউরোপে সরবরাহ নিরাপত্তা নিশ্চিত করতে ইউরোপীয় ও বিশ্ব নেতাদের সঙ্গেও কাজ করব', যোগ করেন তিনি।
রুবলে অর্থ পরিশোধ করতে না চাওয়ায় আজ রাশিয়ার গ্যাজপ্রম পোল্যান্ড ও বুলগেরিয়াতে গ্যাস রপ্তানি বন্ধ করে দেয়। এরপর পোল্যান্ড এবং বুলগেরিয়া মস্কোর বিরুদ্ধে 'ব্ল্যাকমেইল করার' অভিযোগ আনে বলে জানিয়েছে বিবিসি।
এদিকে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গ্যাস সরবরাহ বন্ধের মাধ্যমে ব্ল্যাকমেইলের অভিযোগ প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, 'এটি ব্ল্যাকমেইল নয়।'
আর্থিক খাতে 'অবন্ধুসুলভ' দেশগুলো মস্কোর বিরুদ্ধে যে 'নজিরবিহীন অবন্ধুসুলভ পদক্ষেপ' নিয়েছে, সে কারণে মস্কো এই নতুন অর্থপ্রদান পদ্ধতিতে যেতে বাধ্য হয়েছে বলে উল্লেখ করেন তিনি।