খেরসনের দখল নিতে পারেনি রাশিয়া, দাবি ইউক্রেনের
রুশ সেনারা খেরসনের দখল নিতে পারেনি বলে দাবি করেছেন ইউক্রেনের এক কর্মকর্তা। আল জাজিরা ও দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেকসি আরেস্তোভি রাশিয়ার খেরসন দখলের অভিযোগ অস্বীকার করেছেন।
তিনি বলেন, শহরের রাস্তায় এখনো লড়াই চলছে। খেরসনের পতন হয়নি। আমাদের পক্ষ থেকে প্রতিরোধ অব্যাহত আছে।
এর আগে, সামরিক আগ্রাসনের সপ্তম দিনে আজ বুধবার সকালে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসন দখলের দাবি করে রুশ বাহিনী।
স্থানীয় সিসিটিভির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছিল।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, সিসিটিভির ভিডিওতে দেখা গেছে সাঁজোয়াযান নিয়ে রুশ সেনারা খেরসন শহরের রাস্তা টহল দিচ্ছে।
এতে আরও বলা হয়, প্রায় আড়াই লাখ লোকের খেরসন পতনের আগে শহরের মেয়র ইগর কলিখায়েভ ইউক্রেন সরকারের কাছে খাবার ও ওষুধ সরবরাহ এবং আহতদের সরিয়ে নেওয়া জন্য আবেদন করেছিলেন।
শহরের এক কাউন্সিলার বিবিসিকে বলেছেন, খেরসনে অন্তত ২০০ জন নিহত হয়েছেন। তাদের অনেকেই বেসামরিক লোক।
গতকাল মঙ্গলবার মেয়র ইগর কলিখায়েভের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমস জানিয়েছিল, রুশ সেনারা শহরের প্রবেশপথে চেকপয়েন্ট বসিয়েছে।