খারকিভে রাশিয়ার গোলাবর্ষণে কয়েক ডজন নিহত, দাবি ইউক্রেনের

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রাশিয়ার ভারী গোলাবর্ষণে কয়েক ডজন বেসামরিক নাগরিক নিহত এবং শত শত আহত হয়েছেন বলে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কিয়েভের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা অ্যান্টন হেরাশচেঙ্কো ফেসবুকে লিখেছেন, মস্কোর সেনারা আবাসিক এলাকায় গ্রাড ক্ষেপণাস্ত্র দিয়ে বোমা বর্ষণ করেছে। এতে কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন এবং শত শত আহত হয়েছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত ঠিক কতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন তা এখন বলা সম্ভব নয়। তবে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান বলেন, কমপক্ষে ১০২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আরও ৩০৪ জন আহত হয়েছেন।