ক্ষেপণাস্ত্র হামলায় রুশ যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত, দাবি ইউক্রেনের
রুশ বাহিনী ইউক্রেনে হামলা চালানোর পর কেটে গেছে ৭ সপ্তাহ। অনেকে ভেবেছিলেন খুব অল্প সময়ের মধ্যে এই যুদ্ধের ফলাফল নির্ধারণ হবে। তবে তা হয়নি।
বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, কৃষ্ণ সাগরে মোতায়েন একটি রুশ যুদ্ধজাহাজ বিস্ফোরণের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে এবং এর ক্রুদের বের করে নিয়ে আসা হয়েছে।
ইউক্রেনের এক কর্মকর্তা দাবি করেছেন, ক্ষেপণাস্ত্র হামলার ফলে এমন হয়েছে।
তবে, রুশ প্রতিরক্ষা মন্ত্রীর বরাত দিয়ে ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা জানিয়েছে, আগুন লেগে মস্কোভা নামের মিসাইল ক্রুজার জাহাজটিতে সংরক্ষিত গোলাবারুদে বিস্ফোরণ ঘটে। ইন্টারফ্যাক্সের সংবাদে আগুনের কারণ জানানো হয়নি।
তবে কৃষ্ণসাগর তীরে অবস্থিত শহর ওডেসার ইউক্রেনীয় গভর্নর ম্যাকসিম মারচেংকো দাবি করেছেন, ইউক্রেনে নির্মিত ২টি জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র নেপচুন রুশ জাহাজে আঘাত করেছে।
তবে রয়টার্স উভয় পক্ষের দাবির সত্যতা যাচাই করতে পারেনি।
যুদ্ধের শুরু থেকে মস্কোভাসহ মোট ২টি জাহাজ ভয়াবহ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বলে জানা গেছে। গত মাসে ইউক্রেন আজভ সমুদ্রে স্থলবাহিনীকে সহায়তা দেওয়ার জন্য মোতায়েন করা জাহাজ ওরস্ককে ধ্বংস করার দাবি জানায়।
রুশ সংবাদ সংস্থার সূত্র অনুযায়ী, মস্কোভা ১৯৮৩ সাল থেকে কার্যকর আছে। এই জাহাজে ১৬টি জাহাজ-বিধ্বংসী ভালকান ক্রুজ ক্ষেপণাস্ত্র আছে, যেগুলোর পাল্লা কমপক্ষে ৭০০ কিলোমিটার (৪৪০ মাইল)।
রাশিয়া দাবি করেছে, ইউক্রেনের ৩৬তম মেরিন ব্রিগেডের ১ হাজার ২৬ জন সেনা মারিউপোলে আত্মসমর্পণ করেছেন। তাদের মধ্যে ১৬২ জন অফিসারও আছেন। তবে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, এ ধরনের কোনো আত্মসমর্পণের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।
মারিউপোলের শিল্প অঞ্চল আজভস্টলের দখল নিতে পারলে রাশিয়া ইউক্রেনের মূল সমুদ্র বন্দর আজভের দখল নিতে পারবে এবং সে ক্ষেত্রে দেশের পূর্ব দিকে আধিপত্য স্থাপনের ক্ষেত্রে তারা সুবিধাজনক অবস্থানে থাকবে,
বুধবার এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, 'প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে রুশ বাহিনী দক্ষিণ ও পূর্ব দিকের ফ্রন্টগুলোতে কার্যক্রম বাড়াচ্ছে।'
ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র বুধবার জানিয়েছে তারা ইউক্রেনকে ৮০০ মিলিয়ন ডলার মূল্যের সামরিক যন্ত্র দেবে, যার মধ্যে কামান, সাঁজোয়া যান ও হেলিকপ্টার থাকবে। ফ্রান্স ও জার্মানি আরও সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছে।