কিয়েভ, খারকিভ, মারিউপোল ও সুমিতে সাময়িক যুদ্ধবিরতি

স্টার অনলাইন ডেস্ক

বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সুযোগ দিতে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ ৪ শহরে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া।

তবে এ বিষয়ে ইউক্রেনের কর্মকর্তারা এখনো নিশ্চিত করতে পারেননি।

আজ সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং খারকিভ, মারিউপোল ও সুমি শহরে আজ মস্কোর স্থানীয় সময় ১০টায় (জিএমটি ৭) এ যুদ্ধবিরতি কার্যকর হবে।

এ শহরগুলো বর্তমানে ব্যাপক রুশ হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে।

সম্প্রতি, যুদ্ধবিরতির মাধ্যমে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মারিউপোল থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার চেষ্টা করা হলে তা ব্যর্থ হয়।

এ জন্য ইউক্রেন ও রাশিয়া একে অপরকে দোষারোপ করে।