কিয়েভে কোনো রুশ সেনা নেই: মেয়র
ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, রাজধানী শহরে কোনো রুশ সেনা নেই। খবর বিবিসির।
ভিটালি ক্লিটসকো বলেন, সামরিক, আইন প্রয়োগকারী এবং আঞ্চলিক প্রতিরক্ষা কর্মকর্তারা নাশকতা সৃষ্টিকারীদের শনাক্ত করার কাজ চালিয়ে যাচ্ছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভের বাসন্দিাদের সোমবার পর্যন্ত ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের সতর্কবার্তায় বলা হয়েছে, কেউ বাইরে বের হলে তাকে 'নাশকতা গ্রুপের সদস্য হিসেবে বিবেচনা করা হবে'।
বিবিসি আরও জানিয়েছে, রোববার কিয়েভের পরিস্থিতি শান্ত দেখা গেছে। রাস্তায় পুলিশ, সামরিক বাহিনী ও সশস্ত্র স্বেচ্ছাসেবী ছাড়া মানুষ দেখা যায়নি।
রোববার নিজের টেলিগ্রামে পাঠানো বার্তায় ভিটালি ক্লিটসকো বলেন, রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে কিয়েভে ৯ জন বেসামরিক নাগরিক 'হারিয়ে গেছে বা নিহত হয়েছে'। তাদের মধ্যে একজন শিশুও আছে।
জানা গেছে, শুক্রবার থেকে রুশ বাহিনী শহরের উপকণ্ঠে অবস্থান করছে এবং কিয়েভ জুড়ে গোলাগুলির শব্দ শোনা গেছে।