ওডেসায় যুক্তরাষ্ট্র, ইউরোপের পাঠানো অস্ত্র ধ্বংসের দাবি রাশিয়ার
ইউক্রেনের দক্ষিণাঞ্চলে বন্দরনগরী ওডেসায় হামলা চালিয়ে বিদেশি অস্ত্রের চালান ধ্বংসের দাবি করেছে মস্কো।
গতকাল শনিবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন মতে, গতকাল সন্ধ্যায় রুশ সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল ইগর কনাশেনকভ বলেছেন, 'দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র দিয়ে ওডেসার কাছে একটি বিমানঘাঁটিতে হামলা চালানো হয়। এর ফলে সেই ঘাঁটিতে রাখা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো থেকে পাঠানো অস্ত্রের মজুদ ধ্বংস হয়ে যায়।'
এতে আরও বলা হয়, ইউক্রেনে অস্ত্র না পাঠাতে রাশিয়া প্রতিনিয়ত ন্যাটোকে সতর্ক করে আসছে। সেসব অস্ত্রের চালানে হামলা চালানোকে রাশিয়ার আইনগত অধিকার বলে মনে করে।
ওডেসার প্রশাসন দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা দল ২টি রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। তবে অপর একটি ক্ষেপণাস্ত্র সামরিক স্থাপনায় ও একটি ক্ষেপণাস্ত্র আবাসিক ভবনে আঘাত করেছে।
ওডেসার জরুরি সেবা বিভাগের বার্তায় বলা হয়, 'শত্রুদের গোলার আঘাতে' একটি ১৬-তলা আবাসিক ভবনে আগুন যায়। তা নেভাতে প্রায় আড়াই ঘণ্টা সময় লাগে।
এতে আরও বলা হয়, 'জানা গেছে হামলায় এক শিশুসহ অন্তত ৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৮ জন।'