ইন্দোনেশিয়া জি২০ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে: জেলেনস্কি

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো জোকোভি তাকে আসন্ন জি২০ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

গতকাল ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম দ্য জাকার্তা পোস্ট এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট এক টুইটার বার্তায় লিখেছেন—'প্রেসিডেন্ট জোকোভির সঙ্গে কথা হয়েছে। জি২০-তে আমাকে আমন্ত্রণ জানানোয় তার প্রশংসা করছি।'

ইন্দোনেশিয়া বিশ্বের শীর্ষ অর্থনৈতিক দেশগুলোর সংগঠন জি২০'র বর্তমান সভাপতি।

তবে জেলেনস্কি আগামী নভেম্বরে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনে যোগ দেবেন কিনা তা নিশ্চিত করেননি।

একই সঙ্গে ইন্দোনেশিয়ার সরকার এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে জি২০-র কয়েকটি সদস্য দেশ রাশিয়াকে জোট থেকে বের করে দেওয়ার দাবি করেছে। ইন্দোনেশিয়া বলেছে, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এখনও আসেনি।