ইউক্রেন-রাশিয়ার তৃতীয় দফা আলোচনা আজ

স্টার অনলাইন ডেস্ক

যুদ্ধ শুরুর প্রায় ২ সপ্তাহ পর তৃতীয় দফা শান্তি আলোচনার প্রস্তুতি নিচ্ছে বিবদমান রাশিয়া ও ইউক্রেন।

আজ সোমবার ভোরে সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আজ দিনের কোনো এক সময় কোনো একস্থানে এই আলোচনা হতে পারে। প্রাথমিকভাবে আলোচনার সময় ও স্থান সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত আলোচনা ২টি বেলারুশের পশ্চিমাঞ্চলে ব্রিস্ট অঞ্চলে আয়োজন করা হয়েছিল। সেসব আলোচনায় বিবদমান পক্ষগুলো ইউক্রেনে রুশ হামলার শিকার মারিউপোল ও ভলনোভাখা শহরে যুদ্ধবিরতির মাধ্যমে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছিল।

যদিও পরে, গত রোববার ক্রেমলিন ও আন্তর্জাতিক রেডক্রস জানায় মারিউপোল থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার উদ্যোগ ব্যর্থ হয়েছে।

যুদ্ধবিরতি যথাযথভাবে কার্যকর না করতে পারায় রাশিয়া ও ইউক্রেন একে অপরকে দোষারোপ করেছে।

প্রতিবেদনে বলা হয়, আজোভ সাগরে ইউক্রেনের প্রবেশপথ বন্ধ করে দিতে চাচ্ছে রাশিয়া। মারিউপোল দখল করে নিতে পারলে ২০১৪ সালে দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশটির স্থল পথে যোগাযোগ সম্ভব হবে।