ইউক্রেন খুব বুদ্ধিমত্তার সঙ্গে দেশ রক্ষা করছে: পেন্টাগন

স্টার অনলাইন ডেস্ক

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র জন কিরবি বলেছেন, ইউক্রেন খুব বুদ্ধিমত্তার সঙ্গে ও খুব সাবলীলভাবে দেশ রক্ষা করছে।

আজ বুধবার তিনি সাংবাদিকদের এ কথা বলেন বলে জানিয়েছে বিবিসি।  

জন কিরবি বলেন, 'আমরা ইঙ্গিত পেয়েছি, ইউক্রেনীয়রা এখন কিছুটা আক্রমণাত্মক দিকে যাচ্ছে। আমরা এখন বিভিন্ন জায়গায়, বিশেষ করে দক্ষিণে খেরসনের কাছে এলাকা পুনরুদ্ধারের চেষ্টা করতে দেখছি তাদের।'

'ইউক্রেনীয় বাহিনী পাল্টা হামলার পরিকল্পনা করছে এবং সেইদিকে অগ্রসর হচ্ছে। ইউক্রেনীয়রা অত্যন্ত কঠোর প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে। রাশিয়ানরা যেসব কৌশলগত লক্ষ্য নির্ধারণ করেছিল, তার কোনোটিই অর্জন করতে পারেনি। বা কিছু লক্ষ্য অর্জন করে থাকলেও অবশ্যই সেগুলো ক্ষতি ছাড়া অর্জন করতে পারেনি', যোগ করেন কিরবি।