ইউক্রেন ইস্যুতে পদত্যাগ করে রাশিয়া ছাড়লেন পুতিনের বিশেষ সহকারী

স্টার অনলাইন ডেস্ক

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের টেকসই উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী আনাতোলি চুবাইস পদত্যাগ করেছেন। পদের সঙ্গে রাশিয়াও ছেড়েছেন তিনি।

আজ বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই অর্থনীতিবিদ ও জ্যেষ্ঠ কর্মকর্তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।

সংশ্লিষ্ট ২টি সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের বিরোধিতার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছেন চুবাইস।

তবে তিনি এখন কোন দেশে অবস্থান করছেন, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি কেউ।  

ফোর্বস রাশিয়া জানিয়েছে, এ বিষয়ে জানতে তারা ফোনে চুবাইসের সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু অবস্থান জানতে চাইলে তিনি কল কেটে দেন। বার্তাসংস্থা রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও কল কেটে দেন চুবাইস।

তবে রাশিয়ার ব্যবসা বিষয়ক সংবাদমাধ্যম দ্য কমার্স্যান্ট দাবি করেছে, ৬৬ বছর বয়সী সাবেক এ রুশ কর্মকর্তাকে গত মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে দেখা গেছে।

৯০ এর দশকে প্রেসিডেন্ট বরিস ইয়েলতসিনের সময় আমূল অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন ভূমিকা রাখার কারণে রাশিয়ায় বিতর্কিত ছিলেন চুবাইস। ক্রেমলিনে এক সময় পুতিনের বস ছিলেন তিনি।  

পরে পুতিনের অধীনে বড় বড় রাষ্ট্রীয় ব্যবসা পরিচালনা এবং রাজনৈতিক দায়িত্ব পালন করেন চুবাইস। সম্প্রতি তিনি আন্তর্জাতিক সংস্থাগুলোতে ক্রেমলিনের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।