ইউক্রেনে ১ হাজার ৩৫১ রুশ সেনা নিহত, রাশিয়ার তথ্য প্রকাশ

স্টার অনলাইন ডেস্ক

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দ্বিতীয়বারের মতো ইউক্রেনে সামরিক হতাহতের বিষয়ে আপডেট তথ্য প্রকাশ করেছে। রুশ সংবাদ সংস্থা আরআইএ নভোস্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

রাশিয়া দাবি করেছে, তাদের ১ হাজার ৩৫১ জন সেনা নিহত হয়েছেন এবং ৩ হাজার ৮২৫ জন আহত হয়েছেন।

এর আগে, ইউক্রেনের সামরিক সূত্রগুলো দাবি করেছিল- প্রায় ১৫ হাজার রুশ সেনা নিহত হয়েছেন। মার্কিন গোয়েন্দাদের মতে, এই সংখ্যার অর্ধেকই মারা যেতে পারে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে হতাহতের বিষয়ে প্রথম আপডেট তথ্য দেওয়া হয় গত ২ মার্চ। তখন বলা হয়েছিল, আক্রমণের সময় ৪৯৮ জন সেনা নিহত হয়েছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২১ মার্চ ক্রেমলিনপন্থী সংবাদপত্র কমসোমোলস্কায়া প্রাভদা (কেপি) প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে একটি নিবন্ধ প্রকাশ করে জানায়, এই সংঘাতে ৯ হাজার ৮৬১ জন রুশ সেনা নিহত হয়েছেন।

পরে, সেই নিবন্ধের কিছু অংশ সরিয়ে ফেলা হয় এবং কেপির সম্পাদক বিবিসিকে বলেছিলেন, ওই তথ্য হ্যাকররা যোগ করেছিল।