ইউক্রেনে রাশিয়া জয়ী হবে: পুতিন

স্টার অনলাইন ডেস্ক

মস্কোর লুঝনিকি স্টেডিয়ামের কেন্দ্রস্থলের মঞ্চে রাশিয়ার পতাকা হাতে 'রাশিয়া, রাশিয়া, রাশিয়া, রাশিয়া' স্লোগান দেওয়া হাজার হাজার মানুষকে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিশ্রুতি দিয়েছেন, ইউক্রেনে ক্রেমলিনের সব লক্ষ্য অর্জন করা হবে। খবর রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ফুটবল স্টেডিয়ামের উপস্থিত হাজার হাজার মানুষের সামনে ভাষণ দেন। তবে, রাষ্ট্রীয় টেলিভিশনে তার ভাষণের প্রচার অপ্রত্যাশিতভাবে বিঘ্নিত হওয়াকে সার্ভারের প্রযুক্তিগত সমস্যা বলে জানিয়েছে ক্রেমলিন। খবর রয়টার্স।

তিনি বলেন, আমরা জানি আমাদের কী করতে হবে, কীভাবে করতে হবে এবং কিসের বিনিময়ে করতে হবে। আমরা আমাদের সব পরিকল্পনা সম্পূর্ণভাব শেষ করব।

রয়টার্স বলছে, র‌্যালিতে ব্যবহৃত রাশিয়ান স্লোগানের মধ্যে অনেকগুলো 'জেড' প্রতীক অন্তর্ভুক্ত ছিল। যা রাশিয়ান বাহিনী ইউক্রেনে মোটিফ হিসেবে ব্যবহার করেছে।

পুতিন বলেন, ইউক্রেনে 'বিশেষ সামরিক অভিযানে' যুদ্ধরত সেনারা রাশিয়ার ঐক্যের প্রতিফলন দেখিয়েছে। তারা কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরকে সাহায্য করছে, একে অপরকে সমর্থন করছে। যখন প্রয়োজন হচ্ছে তখন তারা একে অপরকে ভাইয়ের মতো শরীর দিয়ে গুলি থেকে রক্ষা করছে। এমন একতা আমরা দীর্ঘদিন ধরে পাইনি।

তিনি যখন কথা বলছিলেন তখন রাষ্ট্রীয় টেলিভিশন সংক্ষিপ্তভাবে তার ভাষণ প্রচারে বিঘ্ন হয় এবং আগে রেকর্ড করা দেশাত্মবোধক গানের ফুটেজ দেখায়। কিন্তু, পরে আবার রাষ্ট্রীয় টেলিভিশনে পুতিনের ভাষণ প্রচার শুরু হয়।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভকে উদ্ধৃত করে আরআইএ জানিয়েছে, একটি সার্ভারে প্রযুক্তিগত ত্রুটির কারণেই হঠাৎ করেই রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচার সাময়িক বন্ধ হয়ে যায়।

পুতিন বলেন, ইউক্রেনে এই অভিযান জরুরি ছিল। কারণ যুক্তরাষ্ট্র রাশিয়াকে হুমকি দেওয়ার জন্য দেশটিকে ব্যবহার করছিল।